এশিয়ার বাজারে বায়োফুয়েল বাইক আনবে ইয়ামাহা
কার্বন নিঃসরণ বন্ধে এশিয়ায় শিগগিরই বায়োফুয়েল বাইক আনবে ইয়ামাহা। এতে বায়োইথানল ও অন্যান্য কাঁচামাল থেকে তৈরি সিনথেটিক জ্বালানি ব্যবহার করা যাবে। খবর নিক্কেই এশিয়া।
বর্তমানে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বন্ধে জোর প্রচেষ্টা চলছে। প্রযুক্তি ও অটোমোবাইল প্রতিষ্ঠানসহ সব কোম্পানি কার্বন নিঃসরণ বন্ধে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জাপানি সংস্থাটি বিদ্যুচ্চালিত মোটরসাইকেল তৈরিতে মনযোগ বাড়াচ্ছে।
সিনথেটিক জ্বালানি ব্যবহারের মাধ্যমে যাত্রীবাহী যানবাহন থেকে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর পথে একটি পদক্ষেপ হিসেবে ধরা হয়। সিনথেটিক জ্বালানি চালিত মোটরসাইকেলেও বর্তমানের জীবাশ্ম জ্বালানির ইঞ্জিন থাকবে। তবে সেগুলো বর্তমানের ইঞ্জিনের মতো এতটা কার্বন নিঃসরণ করবে না বলে জানিয়েছেন ইয়ামাহা মোটরের প্রেসিডেন্ট ইয়োশিহিরো হিদাকা।
ইয়ামাহা এরই মধ্যে পেট্রল ও ইথানলের মিশ্রণে ব্রাজিলে কিছু স্পোর্টস মোটরসাইকেল বিক্রি করেছে। একই ধরনের বাইক ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশে বিক্রি শুরুর পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই এ পদক্ষেপের বাস্তবায়ন শুরু হবে বলে প্রত্যাশা করছে ইয়ামাহা।
ইয়ামাহার বার্ষিক সরবরাহের প্রায় ৮০ শতাংশই বিক্রি হয় এশিয়ায়। ফলে বড় এ বাজারে আধিপত্য ধরে রাখতে পরিকল্পনা সাজাচ্ছে জাপানি সংস্থাটি। ২০২৪ সালের মধ্যে বিশ্বজুড়ে ১০টিরও বেশি বিদ্যুচ্চালিত মোটরসাইকেল মডেল চালু করতে চায় ইয়ামাহা।
ডিবিটেক/বিএমটি